প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া শীঘ্রই সহজ হতে পারে বলে আশার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সাম্প্রতিক ভারত সফরে দেশটির শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফরের সময় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব দিয়ে উত্থাপন করা হয়েছে। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান সহজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ বিষয়ে খুব শিগগিরই সুনির্দিষ্ট ও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্কের পেছনে রয়েছে অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক বন্ধন এবং দুই দেশের জনগণের গভীর যোগাযোগ।
খলিলুর রহমান আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার উদ্যোগ অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন