প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ
নতুন টেলিভিশন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিং শুরুর দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। অ্যাপল টিভির এই সিরিজে তাঁর সহ-অভিনেতা নিক অফারম্যান সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’ খ্যাত এই অভিনেতা ‘পিপল’ ম্যাগাজিনকে জানান, সেটে পা রাখার মুহূর্তেই বোঝা যাচ্ছিল ৫৮ বছর বয়সী কিডম্যান ভীষণ অসুস্থ। অফারম্যান বলেন, ‘সেদিন তাকে অত্যন্ত ফ্যাকাশে এবং বিধ্বস্ত দেখাচ্ছিল। তার বেশ ভয়াবহ রকমের ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) হয়েছিল’।
শরীর কার্যত ভেঙে পড়লেও কিডম্যান সেদিন শুটিং মুলতবি করেননি। এল ফ্যানিং অভিনীত এই সিরিজে ‘লেস’ নামের এক প্রাক্তন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন তিনি। শতাধিক শিল্পীর সমাগমে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ পড়ে থাকায় নিজের সর্বশক্তি নিঙড়ে অভিনয় শেষ করেন কিডম্যান। অফারম্যান আরও জানান, দিনের কাজ শেষ হওয়া মাত্রই তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে শিরাপথে স্যালাইন দিতে হয়।
বর্তমানে শারীরিকভাবে সুস্থ থাকলেও ব্যক্তিগত জীবনে দীর্ঘ দেড় বছর ধরে টানা বিপর্যয়ের মুখে পড়েছেন এই তারকা। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ের পরপরই মাকে হারান তিনি।
পরের বছর ২০২৫-এর শুরুতেই স্বামী সংগীতশিল্পী কিথ আরবানের সঙ্গে ২০ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরে। গ্রীষ্মের শুরু থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। সূত্র জানায়, সংসার টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন কিডম্যান, কিন্তু শেষ পর্যন্ত চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদ চূড়ান্ত হয়। এই দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে।
মন্তব্য করুন