প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:১২ এ এম
অনলাইন সংস্করণ
টেলিভিশন নাটকের পরিচিত মুখ কেয়া পায়েল ক্যারিয়ারের আট বছর পার করলেও সম্প্রতি তাকে নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে ভিন্ন কারণে। তার চেহারার পরিবর্তন এবং সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নিয়েছেন কি না—এমন প্রশ্নে নেটিজেনদের একাংশ তাকে বিদ্ধ করছেন নানা কটাক্ষে। অবশেষে এই লুকোচুরির অবসান ঘটিয়ে একটি পডকাস্টে বিষয়টি নিয়ে সোজাসুজি কথা বলেছেন অভিনেত্রী।
দীর্ঘদিন নীরব থাকার পর নিজের অবস্থান পরিষ্কার করে কেয়া পায়েল জানান, জন্মগতভাবেই তিনি সুন্দর এবং নিজের প্রাকৃতিক রূপ নিয়ে তিনি তৃপ্ত। তবে সৌন্দর্যচর্চার প্রতি নিজের ব্যক্তিগত আগ্রহের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, "কখনোই এমন উদ্দেশ্য ছিল না যে বাড়তি কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে। আমি যেমন আছি, তেমনই খুশি।"
এরপর চেহারায় সামান্য পরিবর্তনের কথা স্বীকার করে তিনি কিছুটা হাস্যরসের ছলে বলেন, "তবে টুকটাক দুয়েকটা জিনিস একটু অ্যাড করেছি। আর তাতেই ভক্তরা খুব রেগে গেল। তখন মনে মনে বলেছি, ভাই মাফ চাই, আর হবে না।"
বিদেশের তারকাদের ক্ষেত্রে গ্রুমিং হিসেবে দেখা হলেও দেশে কেন ট্রল করা হয়, এমন আক্ষেপ নিয়ে পায়েল বলেন, "আমাদের দেশের মানুষ একটু বেশি আবেগী।"
দেশের মানুষের সমালোচনা করার ধরন নিয়ে তিনি আরও বলেন, "একজন কিছু বলা শুরু করলে অন্যরাও না জেনেই বলতে থাকে। তারা জানেই না কী হয়েছে, তবু মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের সমাজে আছে।"
নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী মনে করেন, মানুষের হুজুগে মন্তব্য করার প্রবণতা থেকেই এই বিতর্কের জন্ম। আপাতত ট্রল বা সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের কাজ এবং গ্রুমিং নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।
মন্তব্য করুন