প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ এবং ‘বিগ বস তেলেগু’ খ্যাত অভিনেত্রী আশু রেড্ডি বড় ধরনের আইনি সংকটে পড়েছেন। প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হায়দ্রাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশনে (সিসিএস) তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সত্যনারায়ণ নামের এক ব্যক্তি এই গুরুতর অভিযোগটি আনেন।
টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, অভিযোগকারী দাবি করেছেন যে ২০১৮ সালে লন্ডনে কর্মরত তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে আশুর পরিচয় ঘটে। পরবর্তীতে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠলে আশু তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন।
মামলার এজাহার অনুযায়ী, বিয়ের আশ্বাসে আশুর পেছনে ওই যুবক বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন। এর মধ্যে অভিনেত্রীর নামে কেনা বেশ কিছু বিলাসবহুল গাড়ি, পাঁচ কেজি স্বর্ণালংকার এবং একাধিক ফ্ল্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় ভুক্তভোগী পরিবারটি শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেয়। এছাড়া অভিনেত্রীর বোনের বিরুদ্ধেও ৫০ লাখ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। হায়দ্রাবাদ পুলিশের ক্রাইম বিভাগের ডেপুটি কমিশনার এস. চৈতন্য কুমার জানান যে, বিষয়টি প্রাথমিকভাবে ব্যক্তিগত সম্পর্কের বিরোধ মনে হলেও বিশাল অঙ্কের আর্থিক লেনদেনের কারণে এটি এখন জটিল তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে নিজের অবস্থান পরিষ্কার করতে এবং আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে অভিনেত্রী আশু রেড্ডি ইনস্টাগ্রামে এক স্টোরিতে লেখেন, "আমার অনুমতি ছাড়া কোনো ধরনের ভুল তথ্য বা খবর ছড়ানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেব। সম্মান বজায় রাখুন।"
জনপ্রিয় এই অভিনেত্রীর নামে এর আগেও মাদক সংক্রান্ত বিতর্কে জড়ানোর রেকর্ড রয়েছে। তবে এবারের এই বিশাল আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তার ক্যারিয়ারে নতুন করে বড় চ্যালেঞ্জ তৈরি করল। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
মন্তব্য করুন