প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ
ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ধ্বংসের ঘটনায় কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। শনিবার (১৪মার্চ) দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এ কথা জানান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আইআরআইএস দেনার নাবিকরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সেই সময় কোনো ধরনের উসকানি ছাড়াই জাহাজটির ওপর হামলা চালানো হয় এবং এতে শতাধিক নৌসদস্য নিহত হন। তিনি বলেন, এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে।
সেনাপ্রধান আরও বলেন, আইআরআইএস দেনার ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। সামুদ্রিক নিরাপত্তা রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা আরও জোরদার করতে ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে ৭০টিরও বেশি দেশ তাদের যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ইরানও ছিল এবং তারা আইআরআইএস দেনা যুদ্ধজাহাজটি মহড়ায় পাঠিয়েছিল।
মহড়া শেষে দেশে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়। জাহাজে থাকা ১০৪ জন নৌসদস্যের মধ্যে ৯৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। পরে শুক্রবার এসব মরদেহ তেহরান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন