প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
শনিবার (১৪ মার্চ) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব দিকে অন্তত একটি ‘অজানা ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য দেয়নি।
ঘটনাটি ঘটেছে ঠিক তখন, যখন জাপান সাগর থেকে দক্ষিণ কোরিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে মধ্যপ্রাচ্যে সরানো হয়েছে। যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (THAAD) নিরাপত্তা ব্যবস্থা ইরানের হামলার সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পর মঙ্গলবার এটি দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক সপ্তাহ আগে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার শান্তি প্রস্তাবকে ‘আনাড়ি ও প্রতারণামূলক প্রহসন’ বলে প্রত্যাখ্যান করেছিল।
ঘটনার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর সঙ্গে বৈঠক ‘ভালো’ হবে। প্রধানমন্ত্রী জানান, ট্রাম্প বলেছিলেন, ‘কিম জং উনের সঙ্গে বৈঠক হলে ভালো হতো। এবার চীন সফরের সময় হতে পারে, আবার নাও হতে পারে।’
গত অক্টোবরে ট্রাম্প এশিয়া সফরে কিম জং উনের সঙ্গে বৈঠকে ‘১০০ ভাগ’ আগ্রহী থাকার কথা বললেও উত্তর কোরিয়া কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কয়েক মাসের উপেক্ষার পর সম্প্রতি কিম জং উন উল্লেখ করেছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংয়ের পারমাণবিক মর্যাদা মেনে নেয়, দুই দেশ ‘মিলেমিশে চলতে’ পারবে।
দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। শীর্ষ বৈঠক, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ তেমন কার্যকর হয়নি।
মন্তব্য করুন