তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০১:২৪ পিএম

অনলাইন সংস্করণ

ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার দেবে চীন

ইরানের দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য মানবিক সহায়তা ঘোষণা করেছে চীন। এই সহায়তার অংশ হিসেবে ২ লাখ ডলার প্রদান করা হবে।

সংবাদমাধ্যম দ্য হিন্দু-র এক প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে চীনের রেড ক্রস সোসাইটি এই অর্থ প্রদান করবে। অর্থটি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি-র মাধ্যমে নিহত শিক্ষার্থীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, স্কুল ও শিশুদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। তিনি বলেন, “এটি মানবিক বিবেক ও নৈতিকতার সীমাকেও অতিক্রম করে।” একই সঙ্গে তিনি জানান, কঠিন এই সময়ে ইরানের জনগণের পাশে থাকতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে চীন।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর প্রথম দিন দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল-কে দায়ী করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় নিহত অন্তত ১৬৫ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন