প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১০:৫২ এ এম
অনলাইন সংস্করণ
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল ব্ল্যাকপিংকের সদস্য জেনি কিম তার প্রথম একক অ্যালবাম ‘রুবি’ ঘিরে আবারও আলোচনায় এসেছেন। অ্যালবামটির এক বছর পূর্তি উপলক্ষে সিউলে একটি অস্থায়ী পপআপ স্টোর চালু করেছেন তিনি।
জেনির এজেন্সি অড অ্যাটেলিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সিউলের শপিং কমপ্লেক্স দ্য হিউনডাই সিউলে ‘আ ইয়ার ইন রুবি’ শিরোনামে এই পপআপ স্টোর চালু করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
২০২৫ সালের মার্চে প্রকাশিত ‘রুবি’ অ্যালবামের এক বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। স্টোরে অ্যালবামকে ঘিরে একটি ছোট প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে, যেখানে গত এক বছরের নানা স্মৃতি তুলে ধরা হয়েছে।
এখানে অ্যালবাম প্রকাশের সময় তৈরি হওয়া টি-শার্ট, মোজা, হুডিসহ বিভিন্ন পোশাক ও সামগ্রী বিক্রির জন্য রাখা হয়েছে। পাশাপাশি বড় একটি ডিজিটাল পর্দায় অ্যালবামের এক বছর পূর্তি উপলক্ষে তৈরি বিশেষ ভিডিও প্রদর্শন করা হচ্ছে।
অ্যালবাম প্রচারের সময় জেনি কিম যে পোশাকগুলো পরেছিলেন, সেগুলোর মধ্য থেকে কয়েকটি পোশাকও এই স্টোরে প্রদর্শন করা হয়েছে।
পপআপ স্টোর চালুর এক দিন আগে জেনি ‘রুবি (দ্য কমপ্লিট কালেকশন)’ নামে অ্যালবামের একটি বিশেষ সংস্করণ প্রকাশ করেছেন। নতুন সংস্করণে ‘লাইক জেনি’ গানের একটি নতুন রিমিক্সসহ মোট ২১টি গান রাখা হয়েছে।
উল্লেখ্য, কোরিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে ‘রুবি’ অ্যালবামের জন্য সেরা কে-পপ অ্যালবাম এবং ‘লাইক জেনি’ গানের জন্য সেরা কে-পপ গানের পুরস্কার পেয়েছেন জেনি কিম।
মন্তব্য করুন