নাজমুল হুদা

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১০:৩৪ এ এম

অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল, স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ বুধবার সকালে অনুষ্ঠিত ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত এই প্রস্তাব গ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজ বিরোধী দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার পদে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এদের মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি।

সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে।

সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন তুলনামূলক দীর্ঘ হয়। তবে এবারের অধিবেশন কত দিন চলবে, তা এখনো নির্ধারিত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর বৈঠকে অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে।

প্রথম দিনের কার্যক্রম
নতুন সংসদের প্রথম বৈঠকে সাধারণত কয়েকটি নির্ধারিত আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়। এর মধ্যে প্রথম কাজ হলো নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার সাধারণত প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করেন।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি। আর বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

এই পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, রাষ্ট্রপতির মনোনীত কোনো সংসদ সদস্য এই দায়িত্ব পালন করতে পারেন। এ ক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে।

সভাপতির সূচনা বক্তব্যের পর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন। ওই সময় অধিবেশনে সাময়িক বিরতি থাকবে। পরে নতুন স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্যক্রম আবার শুরু হবে। সাধারণত নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে জ্যেষ্ঠ সংসদ সদস্যরা বক্তব্য দেন।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। শোক প্রস্তাব গ্রহণের পর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে এবং অধিবেশনজুড়ে সেই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশও প্রথম বৈঠকে সংসদে উত্থাপন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। উত্থাপনের ৩০ দিনের মধ্যে সংসদ সেগুলো অনুমোদন না করলে অধ্যাদেশগুলোর কার্যকারিতা বাতিল হয়ে যাবে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে তারপর অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেপুটি স্পিকার নিয়ে জামায়াতের অবস্থান
ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব ঘিরেও আলোচনা চলছে। জুলাই জাতীয় সনদে বলা হয়েছে, আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হবে এবং উভয় কক্ষেই বিরোধী দল থেকে একজন করে ডেপুটি স্পিকার মনোনীত করা হবে।

জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, ডেপুটি স্পিকারের পদটি তারা ‘অনুগ্রহ’ হিসেবে নয়, বরং জুলাই জাতীয় সনদের অধিকার হিসেবেই দেখতে চান। এ বিষয়ে দলটির সংসদীয় কমিটিতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন