প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১০:০৭ এ এম
অনলাইন সংস্করণ
ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, ইতোমধ্যে ইরান প্রণালিটিতে নৌ-মাইন স্থাপন শুরু করেছে। তবে হামলার ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় বর্তমানে সেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা দিতে পারছে না মার্কিন নৌবাহিনী।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বাহিনী কয়েকদিনে হরমুজ প্রণালিতে কয়েক ডজন মাইন স্থাপন করেছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, ইরান মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু নতুন তথ্যে বলা হচ্ছে, সেই প্রস্তুতি ইতোমধ্যেই বাস্তবে রূপ নিতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত খুব বেশি মাইন বসানো হয়নি বলেও জানিয়েছেন ওই গোয়েন্দারা।
সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ শুধু ইরানের নৌবাহিনীর হাতেই নয়; দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসও (আইআরজিসি) এ অঞ্চলে সক্রিয় রয়েছে। তাদের কাছে এমন সামরিক সক্ষমতা রয়েছে যার মাধ্যমে পুরো প্রণালিতে কার্যত মাইনের জাল তৈরি করা সম্ভব।
এদিকে হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে শিপিং কোম্পানি ও সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে সহায়তা চাইছে। কিন্তু তারা জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কারণ ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি এখনো অনেক বেশি।
উল্লেখ্য, গত সপ্তাহে ইসলামিক বিপ্লবী গার্ডের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছিল, কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করে, তাহলে সেই জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এই হুঁশিয়ারির পর থেকেই আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন