বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৮:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

বয়স নিয়ে সমালোচনায় কর্ণপাত নয়, নতুন চ্যালেঞ্জে কারিনা কাপুর খান

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বয়স নিয়ে প্রচলিত ধারণাকে গুরুত্ব না দিয়ে এখনো পর্দায় নিজের শক্ত উপস্থিতি ধরে রেখেছেন। গত বছরের ২১ সেপ্টেম্বর ৪৬ বছরে পা দেওয়া এই অভিনেত্রী মনে করেন, বয়স কখনোই একজন শিল্পীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মানুষ যা বলে, সেটা নিয়ে আমি ভাবি না।”

অভিনয়ের শুরুর দিকে তাকে বেশি দেখা যেত চাকচিক্যনির্ভর চরিত্রে। তবে এখন তিনি অভিনয়কে নতুনভাবে দেখছেন এবং নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে চান। তিনি জানান, “দ্য বাকিংহাম মার্ডারস” নামের ছবিতে একটি কঠিন দৃশ্যে অভিনয় করা তার জন্য সহজ ছিল না। তবুও সচেতনভাবেই তিনি এমন চরিত্রে কাজ করেছেন, যেখানে চাকচিক্যের চেয়ে অভিনয়ের গভীরতাই বেশি গুরুত্বপূর্ণ।

একসময় তার শরীর নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল, বিশেষ করে “টাশান” ছবিতে তার ‘শূন্য মাপের’ দেহগঠন নিয়ে। তবে এখন শরীর সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি বদলেছে বলে জানান তিনি। কারিনা বলেন, “আমি কখনো খুব রোগা ছিলাম, আবার কখনো একটু ভরাটও হয়েছি। আমি সেটাই হতে চাই, যা আমার নিজের কাছে ভালো লাগে।” তিনি মনে করেন, পোশাক বা বাহ্যিক সাজের চেয়ে একজন অভিনেত্রী হিসেবে পরিচিত হওয়াটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

বয়স সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করে কারিনা বলেন, চল্লিশের পরের সময় তিনি আগের চেয়ে বেশি উপভোগ করছেন। তার মতে, বয়স একটি স্বাভাবিক পরিবর্তন, যা এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “এখন আমার বয়স ৪৬, আমি দুই সন্তানের মা; তবু নিজের চেহারা ও অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট।”

সমাজে নারীদের বয়স বাড়াকে অনেক সময় নেতিবাচকভাবে দেখা হয় বলেও মন্তব্য করেন তিনি। কারিনার মতে, বয়স নিয়ে অস্বস্তি বা উদ্বেগ আসলে সেই পরিবর্তনকে অস্বীকার করার প্রবণতা থেকেই তৈরি হয়। তিনি বলেন, “কত দিন বয়সকে এড়িয়ে চলবেন? আমি নিজের বয়স বাড়া নিয়ে আনন্দিত।”

মন্তব্য করুন