তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১০:৩৩ এ এম

অনলাইন সংস্করণ

ঈদে বাজার স্থিতিশীল রাখতে টিসিবির ট্রাকসেল শুরু আজ থেকে

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সোমবার থেকে দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ মে পর্যন্ত শুক্রবার বাদে টানা ১০ দিন এ কার্যক্রম চলবে।

রাজধানীর আগারগাঁও এলাকায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে বাজারে চাপ কমানো এবং সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য সহজলভ্য করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এবার কার্ডধারী পরিবারের পাশাপাশি সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে খোলা বাজারে পণ্য বিক্রি করা হবে। টিসিবির পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ট্রাকে দৈনিক গড়ে ৪০০ জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করা হবে, যার মাধ্যমে মোট প্রায় ২৮ দশমিক ৮০ লাখ ভোক্তা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এই ১০ দিনে মোট প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।

ট্রাক বরাদ্দের ক্ষেত্রে ঢাকা মহানগরী ও জেলায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রামে ২০টি, বাকি ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬ জেলায় ১০টি করে ট্রাক পরিচালিত হবে। ট্রাকসেলে তিনটি প্রধান পণ্য বিক্রি হবে—প্রতি লিটার ১৩০ টাকায় ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকায় ১ কেজি চিনি এবং প্রতি কেজি ৭০ টাকায় ২ কেজি মসুর ডাল। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও চলমান থাকবে, ফলে একই সময়ে উভয় শ্রেণির ভোক্তারাই এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

মন্তব্য করুন