প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৫ এ এম
অনলাইন সংস্করণ
হরমুজ প্রণালির ক্রমবর্ধমান উত্তেজনা নিরসন এবং গুরুত্বপূর্ণ এই জলপথে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবার (১৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে এই আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর আল-জাজিরা-র।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে ওয়াং ই হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি চীনের সম্মানের কথা পুনর্ব্যক্ত করেন। তবে একই সঙ্গে তিনি এই জলপথে নৌচলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক নিরাপত্তার গুরুত্বও তুলে ধরেন।
ওয়াং ই বলেন, “হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে, কিন্তু বিশ্ববাণিজ্যের স্বার্থে এই গুরুত্বপূর্ণ জলপথে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধার করা জরুরি। বর্তমানে আন্তর্জাতিক মহলের এ বিষয়ে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ রয়েছে।”
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমিত করতে এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে বেইজিং তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রস্তুত। চীন শুরু থেকেই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে কথা বলে আসছে, বিশেষ করে যেহেতু চীনের জ্বালানি আমদানির একটি বড় অংশ এই রুট দিয়ে প্রবাহিত হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে নৌচলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও পণ্য পরিবহন খরচ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে ইরানও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে একটি নতুন প্রস্তাব দিয়েছিল। চীনের এই সাম্প্রতিক আহ্বান তেহরানের ওপর নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
একদিকে যুক্তরাষ্ট্রের ‘সমুদ্র আধিপত্যের’ দাবি, অন্যদিকে চীনের এই মধ্যস্থতাকারী অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, বেইজিংয়ের এই আহ্বানে তেহরান কতটুকু সাড়া দেয়।
মন্তব্য করুন