বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২১ ১৪৩২   ১৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১

সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬  

 

শিশু গৃহকর্মীকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চুক্তিভিত্তিক এমডি ও সিইও মো. সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্বপালন করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।

 

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এই তথ্য নিশ্চিত করে। অফিস আদেশে বলা হয়েছে, “মো. সাফিকুর রহমান ফৌজদারি অভিযোগে কারাবন্দি হওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে। এ অবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনার স্বার্থে উক্ত পদে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে (বিমান ও সিএ) দায়িত্ব দেয়া হয়েছে। নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি নতুন দায়িত্ব পালন করবেন।”

 

উল্লেখ্য, শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গত রোববার রাতে উত্তরার একটি বাসা থেকে সাফিকুর রহমান, তার স্ত্রী ও দুই গৃহকর্মী গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপ নেওয়া হয়েছে সংস্থার কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটাতে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে।

এই বিভাগের আরো খবর