শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৫ ১৪৩২   ১৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬  

সংগ্রহীত ছবি 

 

রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর নীতি ও ‘ইনসাফ’ নিয়ে কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি দাবি করেছেন, যারা ইনসাফের কথা বলেন, তাদের পাল্লায় আসলে বিদেশি শক্তির প্রভাব লুকিয়ে আছে।

 

শনিবার দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন:

“তারা বলেন, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। এ কোন ইনসাফ? এখনতো দেখি দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, আরেক পাল্লায় গোপনে ভারত। বাংলাদেশের মানুষ আমেরিকার ইনসাফ দেখতে চায় না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।”

 

পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কের সভায় তিনি বলেন, গত ৫৪ বছর ধরে প্রচলিত আইনেই দেশ চলেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তার ভাষ্যমতে:

“প্রচলিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নতুন কিছু দেওয়া সম্ভব নয়। ৫৪ বছর ধরে প্রচলিত আইনেই দেশ চলেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।”

 

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তিনি মনে করেন, একটি স্বার্থান্বেষী মহলের নীল-নকশার কারণে জুলুমমুক্ত দেশ গড়ার স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। প্রচলিত রাজনীতির সমালোচনা করে তিনি বলেন:

“আমরা দেখেছি এক দল ক্ষমতায় আসলে আরেক দল দেশ ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন ক্ষমতায় আসতে পারলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।”

 

ইসলামী শক্তি বৃদ্ধির লক্ষ্যে ভোটারদের হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটা ভোট পড়ে তাহলে ইসলামের পক্ষে একটা শক্তি বাড়ে।”

 

বাউফল উপজেলা কমিটির আহ্বায়ক মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ এবং জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর