মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২১ ১৪৩২   ১৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

জামায়াতের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ সালাহউদ্দিনের

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬  

পথসভায় বক্তব্য দিচ্ছেন কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগ্রহীত 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ জামায়াতের সাম্প্রতিক মন্তব্যকে স্বাধীনতার ইতিহাস বিকৃতির চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কক্সবাজারের চকরিয়ার জংগলকাটায় নির্বাচনী পথসভায় তিনি বলেন, একটি দলের আমির দাবি করেছেন, জিয়াউর রহমান নয়, বরং কর্নেল অলি আহমদই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

 

সালাহউদ্দিন বলেন, “একজন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে।”

 

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের এমন বক্তব্য অস্বাভাবিক নয়। একাত্তরে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তবে দেশের মানুষ পুরো সত্য জানে, তাই এই ধরনের প্রতারণা প্রকাশ্যে ধরা পড়বে।

 

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে বন্দর স্কুল মাঠে নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান দাবি করেছিলেন, “বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ‘উই রিভল্ট’। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।”

 

সালাহউদ্দিন এ ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করে বলেন, “আগামী দিনে হয়তো আমাদের এমন কথাও শুনতে হবে যে, জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে। এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধেই আজ থেকেই বাংলাদেশে প্রতিবাদের ঢেউ উঠবে-আমি সেই বিশ্বাস রাখি।”

 

তিনি অভিযোগ করেন, জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। সালাহউদ্দিন বলেন, “কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটা কখনোই মেনে নেবে না এবং আমরা বিশ্বাস করি, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।”

 

সালাহউদ্দিন নারীর ক্ষমতায়ন বিষয়ে জামায়াতের নীতিকেও কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “যদি একজন নারীর কর্মঘণ্টা পাঁচ ঘণ্টায় নামিয়ে আনা হয়, তাহলে কোনো প্রতিষ্ঠান, কোনো শিল্পকারখানা বা বিনিয়োগকারী নারীকে চাকরি দিতে আগ্রহী হবে? এর অর্থ হলো-নারীদের ঘরের ভেতরে আবদ্ধ করে রাখা। তারা এদেশের নারী সমাজের অগ্রগতি ও প্রগতি চায় না। আর বাস্তবতার প্রমাণ হলো-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা একজন নারী প্রার্থীও মনোনয়ন দেয়নি। তাহলে তাদের দ্বারা নারীর ক্ষমতায়ন কীভাবে সম্ভব?”

 

তিনি আরও বলেন, “আমাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা তারেক রহমান বলেছেন— আই হ্যাভ এ প্ল্যান; এই পরিকল্পনা এদেশের মানুষের জন্য, এদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। এই গণতান্ত্রিক সংস্কার হবে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে। আমরা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই এবং একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন চাই।”

 

পথসভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দফতর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর