প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৪০ এ এম
অনলাইন সংস্করণ
নিজের মতামত কিংবা সামাজিক বাস্তবতা নিয়ে ঢাকঢাক-গুরুগুরু না করে কথা বলতে বরাবরই স্বাচ্ছন্দ্য বোধ করেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিভিন্ন বৈষম্য নিয়ে প্রায়শই সোচ্চার হতে দেখা যায় তাকে। এবার নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমা নিয়ে বলিপাড়ার প্রচলিত দ্বিচারিতা ও দর্শকের ভিন্ন মানদণ্ড নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী।
আগামী ৩ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তাপসী পান্নুর নতুন অ্যাকশনভিত্তিক সিনেমা ‘গান্ধারী’। 'বেবি' ও 'নাম শাবানা'র প্রায় এক দশক পর এই সিনেমার মাধ্যমে পুরোদস্তুর অ্যাকশন অবতারে দর্শকদের সামনে ফিরছেন তিনি। দেবাশীষ মাখিজা পরিচালিত এ সিনেমায় তাপসী ছাড়াও অভিনয় করেছেন ইশওয়াক সিং, ছায়া কদম, মিতা বশিষ্ট ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো শক্তিশালী শিল্পীরা।
সিনেমাটি মুক্তির প্রাক্কালে তাপসী জানান, নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমা নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো বাজেটের চরম বৈষম্য। বিশাল বাজেটের অ্যাকশন সিনেমায় পুরুষ তারকাদের পেছনে প্রযোজকরা অকাতরে অর্থ ঢাললেও নারীকেন্দ্রিক প্রজেক্টে কম বিনিয়োগ করতে চান। তাদের ধারণা, পুরুষ তারকাদের মতো নারীকেন্দ্রিক সিনেমার দর্শক সংখ্যা হয় না।
শুধু বাজেটের বৈষম্যই নয়, দর্শকের দৃষ্টিভঙ্গির পার্থক্যেও ক্ষোভ প্রকাশ করেছেন তাপসী। তার মতে, অনেক পুরুষকেন্দ্রিক সিনেমায় গল্প দুর্বল হলেও চোখধাঁধানো আয়োজন ও গ্ল্যামারের কারণে দর্শকরা সেটিকে ‘পয়সা উসুল এন্টারটেইনার’ হিসেবে লুফে নেয়। সেখানে কোনো ভুল বা খামতিকে দর্শক সহজেই মাফ করে দেয়।
কিন্তু একই দর্শক যখন কোনো নারীকে মূল অ্যাকশন চরিত্রে দেখেন, তখন বিচার ব্যবস্থার চিত্র পুরোপুরি বদলে যায়। তাপসীর ভাষায়, "মেয়েদের অ্যাকশন সিনেমায় গল্প, অভিনয়, অ্যাকশন—সবকিছুতেই একশোয় একশো পেতে হয়। সামান্য উনিশ-বিশ হলেই শুরু হয় কঠোর সমালোচনা। এক তো বাজেট কম, তার ওপর মেয়েদের ভুল যেন ক্ষমা নেই! কিন্তু ছেলেদের অ্যাকশন সিনেমা হলে যেন সাত খুন মাফ।"
পুরুষ ও নারী তারকাদের সিনেমা মূল্যায়নে এই দ্বিচারিতা সত্ত্বেও ‘গান্ধারী’ সিনেমায় নিজের সেরাটা তুলে ধরতে তৈরি তাপসী, যা নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন