বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৫৯ এ এম

অনলাইন সংস্করণ

"এমন সিনেমায় অভিনযকরার চেয়ে অবসর নেব": ‘টক্সিক’ সিনেমাকেই কি নিশানা করলেন তাপসী

নিজের নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারণার মাঝে বলিউডের বর্তমান ধারার কাজ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আবার আলোচনায় এসেছেন অভিনেত্রী তাপসী পান্নু। কোনো সরাসরি নাম না নিলেও নেটদুনিয়ার একাংশের দাবি, কন্নড় সুপারস্টার ইয়াশ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’কে পরোক্ষভাবে নিশানা করেছেন তিনি।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তাপসী জানান, প্রায় এক দশক আগে ক্যারিয়ার শুরু করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। কারণ তৎকালীন মূলধারার হিন্দি সিনেমায় যথেষ্ট বৈচিত্র্য ছিল। বর্তমান সময়ে তৈরি হওয়া নির্দিষ্ট ধারার সিনেমাগুলোর সমালোচনা করে তিনি বলেন, "আমি যদি এমন সময়ে ক্যারিয়ার শুরু করতাম যখন শুধু এ ধরনের সিনেমাই বেশি তৈরি হচ্ছে, তবে আমার হয়তো কোনো ক্যারিয়ারই থাকত না। সাম্প্রতিক কিছু সিনেমা দেখার পর পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয়েছে— এবার কি আমার অবসর নেওয়ার সময় এসেছে?"

নিজের ফিল্মোগ্রাফি ও কাজের নীতি বজায় রাখা নিয়ে সচেতন এই অভিনেত্রী আরও যোগ করেন, "এ ধরনের সিনেমার দর্শক আছে তা আমি বুঝি। কিন্তু শুধু কাজ পাওয়ার অন্ধ ভালোবাসায় আমি এমন সিনেমায় অভিনয় করব না। ১০ বছর পর যেন নিজের ফিল্মোগ্রাফির দিকে ফিরে তাকিয়ে কোনো সিদ্ধান্তের জন্য লজ্জিত হতে না হয়, সেটাই আমি চাই।"

তাপসীর এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের একটি বড় অংশ দাবি করেন, তিনি কিয়ারা আদভানির সাম্প্রতিক প্রজেক্ট ‘টক্সিক’কে কটাক্ষ করতেই এই মন্তব্য করেছেন।

তবে অভিনেত্রীর এই মন্তব্যকে খুব একটা ভালোভাবে নেননি কিয়ারা আদভানির অনুরাগী ও সাধারণ দর্শকরা। অনেকেই তাপসীকে পাল্টা আক্রমণ করে তাঁর অতীত কাজের কথা মনে করিয়ে দিয়েছেন। একজন মন্তব্য করেছেন, "তাপসী তো তাঁর ‘হাসিন দিলরুবা’ সিনেমায় দেখানোর মতো সবই দেখিয়েছেন, এখন অন্যের কাজের সমালোচনা করছেন কেন?" অন্য একজন লেখেন, "কিয়ারার সামনে চমৎকার ক্যারিয়ার রয়েছে, তাপসীর উচিত এসব কান্নাকাটি বন্ধ করে অবসর নেওয়া।" তবে এই জোর সমালোচনার মুখেও নিজের অবস্থান নিয়ে এখন পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি তাপসী।

মন্তব্য করুন