প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৭ এ এম
অনলাইন সংস্করণ
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচারের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাফ হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মো. আলতাফ হোসেনকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে সোমবার সংযুক্ত দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
ঘটনাটি ঘটে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে। সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়েছিল। বক্তব্য শুরুর প্রায় এক মিনিটের মাথায় মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও কেবল অনুষ্ঠানস্থলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিশ্চিত করেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান।
অফিস আদেশে আরও বলা হয়েছে, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম বলেন, তিনি আগে থেকেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানিয়েছিলেন। এরপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যায়। তবে উপজেলা পরিষদের অন্য জায়গায় বিদ্যুৎ সরবরাহ চালু ছিল বলে জানান তিনি।
রাইসুল ইসলাম বলেন, বিষয়টি যোগাযোগের ঘাটতির কারণে হয়ে থাকতে পারে। পরে তিনি জানতে পারেন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান জানান, ইউএনওর কার্যালয়ে বিদ্যুৎ না থাকার বিষয়ে সেখানকার সিএ অভিযোগ করেছিলেন। পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানরা গিয়ে কার্যালয়ে বিদ্যুৎ না থাকার বিষয়টি দেখতে পান।
তার ভাষ্য অনুযায়ী, কর্মীদের ধারণা ছিল ইউএনও কার্যালয়ে বৈঠক হচ্ছে এবং সে কারণে ওই লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছিল। ওই লাইন বন্ধ করার ফলে অনুষ্ঠানস্থলেও বিদ্যুৎ চলে যায়। পরে সেখানকার বিদ্যুৎ অফিসের ইনচার্জকে ফোন করে বিষয়টি জানানো হয় এবং কথোপকথনের মধ্যে প্রায় দুই মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
কামরুজ্জামান বলেন, এ ঘটনার কারণেই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন