প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৫৩ এ এম
অনলাইন সংস্করণ
কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। পিপলু আর খানের পরিচালনায় নির্মিত সিনেমাটি উৎসবের অন্যতম বড় স্বীকৃতি ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে।
এ উৎসবে বাংলাদেশের আরেকটি চলচ্চিত্রও সম্মাননা পেয়েছে। মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’।
‘জয়া আর শারমিন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, এই স্বীকৃতি তাঁর জন্য আনন্দের পাশাপাশি সিনেমাটির পুরো দলের জন্যও বিশেষ অর্জন। তাঁর ভাষ্য, এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও আনন্দ ও গর্বের বিষয়।
জয়া আহসান আরও বলেন, লকডাউনের মতো একটি সীমাবদ্ধ সময় এবং দুই নারীর সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি কলকাতার দর্শক, সমালোচক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছ থেকে যে সাড়া পেয়েছে, সেটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। ছয় দিনের এই আয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
রোববার রাতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানেই সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘জয়া আর শারমিন’-এর নাম ঘোষণা করা হয়।
মহামারির সময়কার লকডাউনকে পটভূমি করে নির্মিত ৮৬ মিনিটের বাংলা ভাষার মনস্তাত্ত্বিক চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। এতে জয়া আহসান অভিনয় করেছেন জয়া চরিত্রে। শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের অভিনেত্রী মহসিনা আক্তার।
একই ছাদের নিচে দীর্ঘ সময় আটকে থাকা দুই নারীর সম্পর্কের পরিবর্তন, নিঃসঙ্গতা, পারস্পরিক মানসিক নির্ভরতা এবং শ্রেণি ও ক্ষমতার ব্যবধানকে কেন্দ্র করে সিনেমাটির গল্প এগিয়েছে।
অন্যদিকে, মকবুল চৌধুরী পরিচালিত ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ প্রামাণ্যচিত্রটি পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’। ফলে এবারের ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের দুটি চলচ্চিত্র সম্মাননা অর্জন করেছে।
মন্তব্য করুন