তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৫২ এ এম

অনলাইন সংস্করণ

পোশাকশিল্পের টেকসই বিকাশে প্রধানমন্ত্রীর কাছে ৬ প্রস্তাব

দেশের পোশাকশিল্পের টেকসই বিকাশ, জ্বালানি নিরাপত্তা ও নীতিগত সমন্বয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ছয় দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এ তথ্য জানান। সংগঠনটির সভাপতির স্বাক্ষরিত একটি চিঠিতে এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে।

বিকেএমইএর ছয় দফা প্রস্তাব হলো—

১. উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠন

পোশাকশিল্পের টেকসই বিকাশ ও নীতিগত সমন্বয়ের জন্য অর্থ, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বিইএফের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব করেছে সংগঠনটি।

বিকেএমইএর প্রস্তাব অনুযায়ী, কমিটি মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে সভা করে শিল্প খাতের সমস্যা ও নীতিগত বিষয় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

২. বাস্তবসম্মত ফায়ার কোড প্রণয়ন

বাংলাদেশের বর্তমান অবকাঠামো ও আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যকর ও সবার কাছে গ্রহণযোগ্য একটি ফায়ার কোড প্রণয়নের দাবি জানিয়েছে বিকেএমইএ।

সংগঠনটির চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ফায়ার কোড অনুসরণ করা হচ্ছে, যা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

৩. জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান

শিল্পকারখানা সচল রাখা ও নতুন বিনিয়োগের জন্য গ্যাস, বিদ্যুৎসহ সার্বিক জ্বালানি সরবরাহে একটি দীর্ঘমেয়াদি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রস্তাব করেছে বিকেএমইএ।

এতে বিদ্যমান চাহিদার পাশাপাশি ভবিষ্যতের সম্ভাব্য নতুন বিনিয়োগ এবং শিল্পাঞ্চলের সম্প্রসারণকে বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

৪. অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নীতিমালা প্রণয়ন

নতুন কোনো নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট খাতের বাস্তব পরিস্থিতি, আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ ও বাস্তবায়ন সক্ষমতা বিবেচনায় নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

পাশাপাশি নতুন নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রস্তুতির জন্য যুক্তিসঙ্গত সময় দেওয়ার দাবি জানানো হয়েছে।

৫. এনবিআরের সেবা ডিজিটালাইজেশন

ব্যবসা-বাণিজ্যে সময়, ব্যয় ও জটিলতা কমাতে এনবিআরের রাজস্ব, বন্ড, কাস্টমস, ভ্যাট ও আয়করসংক্রান্ত সেবাকে আরও কার্যকরভাবে ডিজিটালাইজেশনের আওতায় আনার তাগিদ দিয়েছে বিকেএমইএ।

৬. বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের সময়োপযোগী সংশোধন

দেশের বিদ্যমান অবকাঠামো, শিল্পের সক্ষমতা এবং অগ্নি ও ভবন নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) সময়োপযোগী সংশোধন এবং কার্যকর বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছে সংগঠনটি।

বিকেএমইএর চিঠিতে পোশাকশিল্পের টেকসই বিকাশ, জ্বালানি সরবরাহ, শিল্প নিরাপত্তা, নীতিগত সমন্বয় এবং ব্যবসায়িক সেবার ডিজিটালাইজেশনসংক্রান্ত এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে।

মন্তব্য করুন