জাহাঙ্গীর আলম গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:১৭ পিএম

অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬ইং) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম জিন্নাতুল ইসলাম কানু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মওলানা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, বিএনপি নেত্রী কাকলী চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার দাস, আদিবাসী নেত্রী এমিলি হেমব্রম প্রমুখ। 

অতিথিরা জানান, সরকারি এসব সহায়তার মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহহীনদের বসতঘর, নারীদের আত্মকর্মসংস্থান, শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা এবং খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে দরিদ্র নারীদের মধ্যে ১২টি সেলাই মেশিন, শিক্ষার্থীদের মধ্যে ১৭টি বাইসাইকেল এবং প্রাথমিক পর্যায়ে ৫৮ জন, মাধ্যমিক পর্যায়ে ৩৫ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সহায়ক উপকরণ হিসেবে ২টি রিকশা বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন