বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ০৮:২৬ পিএম

অনলাইন সংস্করণ

লস অ্যাঞ্জেলেসকে বিদায় জানাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে পাড়ি জমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন হলিউডের জনপ্রিয় অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছয় সন্তানই প্রাপ্তবয়স্ক হওয়ায় এবং সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ সংক্রান্ত আইনি শর্তের মেয়াদ শেষ হওয়ায় দীর্ঘদিনের বাসস্থান লস অ্যাঞ্জেলেসকে বিদায় জানাচ্ছেন ‘লারা ক্রফট’খ্যাত এই তারকা।

আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন 'ল’অফিশিয়েল'-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জোলি জানান, আপাতত কোনো নির্দিষ্ট একটি দেশে স্থায়ী হওয়ার পরিকল্পনা নেই তাঁর। জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইতি টেনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কিছুদিন ‘যাযাবর’ জীবন উপভোগ করতে চান তিনি। তবে নিজের প্রয়াত মায়ের স্মৃতি ও পরিবারের প্রয়োজনীয় আলোকচিত্রগুলো একটি নির্দিষ্ট স্থানে সযত্নে গুছিয়ে রাখবেন।

যুক্তরাষ্ট্র ছাড়লেও কম্বোডিয়ায় নিজের প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান ‘ম্যাডক্স ফাউন্ডেশন’ ও জাতিসংঘের মানবিক কর্মকাণ্ডে নিয়মিত যুক্ত থাকবেন জোলি। পাশাপাশি নিজের সৃজনশীল ফ্যাশন হাউসের আন্তর্জাতিক কাজও চালিয়ে যাবেন তিনি। নতুন এই জীবনের শুরুতে কম্বোডিয়ায় কয়েক মাস কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

উল্লেখযোগ্য যে, ২০১৬ সালে শুরু হয়ে ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়া ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ চুক্তির শর্ত অনুযায়ী, ছয় সন্তান (ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স) ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত জোলির যুক্তরাষ্ট্রে থাকার বাধ্যবাধকতা ছিল। চলতি বছরের জুলাইয়ে যমজ সন্তান দুজন ১৮ বছর পূর্ণ করায় সেই আইনি বিধিনিষেধের অবসান ঘটে। এর পরপরই মে মাসে ক্যালিফোর্নিয়ায় নিজের ২৯.৮৫ মিলিয়ন ডলারের ঐতিহাসিক বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নিয়ে লস অ্যাঞ্জেলেস ছাড়ার পথ সুগম করেন এই হলিউড অভিনেত্রী।

 

মন্তব্য করুন