প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ
ব্যক্তিগত জীবন, পোশাক এবং সামাজিক অবস্থান নিয়ে প্রায়শই আলোচনায় থাকা মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম এবার গণমাধ্যমের সংবাদ পরিবেশনের ধরণ ও সমাজের দ্বিমুখী মানসিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গত দুই বছর ধরে মাথায় কাপড় দিয়ে চলাফেরা করা সত্ত্বেও গণমাধ্যমে তাঁর পুরোনো অনাবৃত ছবি প্রকাশ করায় তীব্র অসন্তোষ জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম লেখেন, তিনি প্রায় দুই বছর ধরে মাথায় কাপড় দিয়ে সামাজিক শালীনতা বজায় রেখে চলছেন। কিন্তু মিডিয়াগুলো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাঁর পুরোনো ক্লিভেজ উন্মুক্ত করা ছবি ব্যবহার করছে। একজন নারীর ব্যক্তিগত পছন্দ, স্বাচ্ছন্দ্য ও শালীনতার চেয়ে গণমাধ্যমের কাছে 'ভিউ' বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বর্তমান সামাজিক বাস্তবতায় ইচ্ছা থাকলেও সঠিকভাবে পর্দা করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন এই মডেল।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) দেওয়া অপর এক ফেসবুক পোস্টে নিজের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নিয়ে কথা বলেন মেঘনা আলম। তিনি দাবি করেন, এ পর্যন্ত তিনি কোনো শারীরিক সম্পর্কে জড়াননি; তবুও ধর্মীয় পোশাক বা লেবাস না পরার কারণে তাঁকে নানা অপবাদের মুখোমুখি হতে হয়। সমাজের নৈতিকতার দ্বিমুখী নীতি তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও সমাজ তাদের রক্ষা করার চেষ্টা করে, কিন্তু একজন নারীর সিদ্ধান্তকে সম্মান জানাতে দ্বিধা করে। গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে নিজের বর্তমান জীবনযাপনকে সম্মান জানানোর অনুরোধ করেন তিনি।
মন্তব্য করুন