প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
সাধারণ একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্তকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল প্রেমের গুঞ্জন। ভারতীয় অলরাউন্ডার ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও প্রকাশের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নেটপাড়ায় নানা জল্পনা শুরু হয়। তবে সেই গুঞ্জনকে স্রেফ হেসেই উড়িয়ে দেননি, বিষয়টিকে নিয়ে মিথ্যা ছড়ানো নেটিজেনকে কড়া কটাক্ষ করেছেন আমিশা নিজে।
সম্প্রতি মুম্বাইয়ের তাজমহল প্যালেসে এক অনুষ্ঠানে আমিশা ও হার্দিককে একসঙ্গে দেখা যায়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আমিশা তাঁর বন্ধুদের সঙ্গে হার্দিককে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং অতি স্বাভাবিকভাবেই ক্রিকেটারের কাঁধে হাত রেখে কথা বলছেন। এক্স-এর (সাবেক টুইটার) এক ব্যবহারকারী ওই মুহূর্তের স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন, বেঙ্গালুরুর একটি পার্টিতে যেভাবে আমিশা হাত রেখেছিলেন, তা তাদের প্রেমের গুঞ্জন সত্য হওয়ার ইঙ্গিত দেয়।
বিষয়টি চোখে পড়তেই ইনস্টাগ্রাম স্টোরিতে ওই এক্স পোস্টের ছবি শেয়ার করে রসাত্মক ভঙ্গিতে আমিশা লেখেন, "একদম সত্যি! হায় ঈশ্বর, আপনি ঠিকই ধরেছেন, সত্যিই তো আমার হাতটা তাঁর ওপর খুব রোমান্টিকভাবে ছিল!" পরপরই ওই ট্রোলারকে খোঁচা দিয়ে লেখেন, "আমি আপনাকে চিনি না, তবে নিশ্চিতভাবেই আপনার কোনো মেয়ে বন্ধু নেই। এসব উল্টোপাল্টা পোস্ট করার আগে আপনার একটা মেয়ে বন্ধু থাকা খুব দরকার।"
উল্লেখ্য, ৪০ পার করা আমিশা প্যাটেল বিয়ে ও সম্পর্ক নিয়ে বরাবরই স্পষ্টভাষী। এর আগে এক পডকাস্টে তিনি জানিয়েছিলেন, অতীতে পেশাগত জীবনকে প্রাধান্য দিতে গিয়ে সম্পর্কে ফাটল ধরেছিল; তবে যোগ্য সঙ্গী পেলে তিনি বিয়েতে আগ্রহী। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ২০২৪ সালে নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালের শেষের দিকে মডেল মাহিয়েকা শর্মার সঙ্গে সম্পর্কে জড়ান এবং সেই সম্পর্কের চিত্রও ভক্তদের সামনে তুলে ধরেন। ফলে আমিশার সাথে এই অনাকাঙ্ক্ষিত জল্পনার দ্রুত ইতি টানলেন অভিনেত্রী নিজেই।
মন্তব্য করুন