প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটের জারি করা রুল চূড়ান্ত শুনানি শেষে খারিজ করে এ আদেশ দেন। রিট খারিজ হওয়ার ফলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের ওই অর্থ আদায়ে আর কোনো আইনি বাধা থাকছে না।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের মধ্যে বিভিন্ন মেয়াদের জন্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা আয়কর দাবি করে এনবিআর। ওই দাবি চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টে পৃথক দুটি রিট পিটিশন করা হয়, যার ওপর শুনানি শেষে রুল জারি করা হয়েছিল।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে গত বছরের ৪ অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এনবিআরের পক্ষে থাকা একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। পরবর্তীতে প্রধান বিচারপতি বিষয়টি পুনর্মূল্যায়নের জন্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন নতুন হাইকোর্ট বেঞ্চে পাঠান। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে নতুন বেঞ্চ রুল খারিজ করে গ্রামীণ কল্যাণকে এনবিআরের কর পরিশোধের এই চূড়ান্ত নির্দেশ দিলেন।
মন্তব্য করুন