তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৫৬ এ এম

অনলাইন সংস্করণ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

চট্টগ্রাম নগরীতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও সাতজন আহত হয়েছেন।

নিহতরা হলেন কক্সবাজার জেলার ঈদগাঁ ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মিফতা, মোরশেদ ও ফেরদৌস আলম এবং কক্সবাজার সদরের নাপিতখুলি এলাকার মাইক্রোবাসচালক মো. হাসান

কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন জানান, মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকায় ফিরছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাইক্রোবাসটি কলেজ বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে ইউ-টার্ন নেওয়ার সময় পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চার আরোহী নিহত হন।

দুর্ঘটনার পর আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পর এর চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ দুর্ঘটনার কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মন্তব্য করুন