প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০৯:৪৭ এ এম
অনলাইন সংস্করণ
এতদিন সম্পর্কের কথা কিংবা বিয়ের প্রশ্ন উঠলেই সোজা ব্যাটে খেলতেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। উত্তর দিতেন, "কী জন্য করব?" কখনও বা আবার কাজ, প্রিয় বই আর পোষ্যদের নিয়েই নিজের বৃত্ত গড়ে রাখার কথা বলতেন। তবে নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালে রাখা এই গ্ল্যামার কন্যা কি এবার সত্যি সত্যি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন? কলকাতার টলিপাড়ায় এখন এই একটি খবর নিয়েই জোর চর্চা চলছে।
শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বর মাসেই চারহাত এক হতে চলেছে এই টলিউড তারকার। রূপকথার এই বিয়ের আসর বসতে চলেছে পাহাড়ি শহর কালিম্পঙে। মিমির ঘনিষ্ঠ মহলে নাকি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নিমন্ত্রণপত্র পাঠানোর তোড়জোড়। যদিও বিয়ের এই জোরালো গুঞ্জন প্রসঙ্গে মিমি কিংবা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা ঘোষণা আসেনি।
এদিকে গুঞ্জনের আঁচ কেবল বিয়ের ভেন্যু বা দিনক্ষণেই থেমে নেই, ছড়িয়েছে পাত্রের পরিচয় নিয়েও। বিনোদন জগতের সঙ্গে হবু বরের দূরতম কোনো সম্পর্ক নেই বলেই খবর। গুঞ্জন সত্যি হলে মিমির হবু স্বামী পেশায় একজন নৌ বাহিনীর কর্মকর্তা (নেভি অফিসার)।
এর আগে মিমির প্রেমজীবন নিয়ে টলিপাড়ায় কম জলঘোলা হয়নি। তবে সেইসব জল্পনাকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে তিনি সবসময় বলতেন, বিয়ে করার জন্য যে পাত্র খুঁজতে হয় কিংবা দেখা-সাক্ষাৎ করতে হয়— সেই সময়টুকুও তাঁর হাতে নেই। সেই অতি ‘ব্যস্ত’ মিমির জীবনেই তবে এবার চুপিসারে কেউ এসেছেন এবং কালিম্পঙের ঠাণ্ডা বাতাসে শুভ পরিণয়ের শানাই বাজতে চলেছে।
মন্তব্য করুন