তাহিরপুর( সুনামগঞ্জ)প্রতিনিধি

প্রকাশিত: ৫৯ মিনিট আগে, ০৬:৩১ পিএম

অনলাইন সংস্করণ

কয়লার বস্তা আনতে সীমান্ত পেরিয়েছিলেন ইউনুস, ফিরলেন নিথর দেহ হয়ে

ভোরে ঘর থেকে বের হওয়ার সময় হয়তো ভাবেননি,এটাই হবে তাঁর শেষ যাত্রা। কাঁধে কয়লার বস্তা নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন নিয়ে সীমান্ত পেরিয়েছিলেন ২২ বছরের ইউনুস আলী।কিন্তু সেই বস্তা আর কাঁধে ওঠেনি। ভারতের গারো পাহাড়ের একটি কয়লার গুহায় মাটিচাপা পড়ে থেমে গেল তাঁর জীবন। কয়েক ঘণ্টা পর বাড়িতে ফিরল শুধু তাঁর নিথর দেহ।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা সংগ্রহ করতে গিয়ে গুহাধসে মাটিচাপায় ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্তের ওপারে ভারতের গারো পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী শ্রীপুর উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লালঘাট গ্রামের পশ্চিমপাড়ার সমির উদ্দিনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য,সীমান্তের ওপারে একটি চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার দরিদ্র শ্রমজীবী মানুষকে নানা প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে পাঠিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। কাঁটাতারের বেড়া সংলগ্ন বিভিন্ন সুরঙ্গপথ দিয়ে কিশোর ও যুবকদের ভারতের কয়লার গুহায় পাঠানো হয় বলেও স্থানীয়দের দাবি।

এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে ১০ থেকে ১৫ জনের একটি শ্রমিক দল সুরঙ্গপথে ভারতে প্রবেশ করে কয়লা সংগ্রহ করতে যায়। কয়লা সংগ্রহ শেষে বস্তা নিয়ে গুহা থেকে বের হওয়ার সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে ইউনুসের ওপর পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়েন।সঙ্গে থাকা শ্রমিকরা গুহা থেকে বের হয়ে ইউনুসের পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুপুর ১টার দিকে গুহার ভেতর থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

যে কয়লার বস্তা নিয়ে বাড়ি ফেরার কথা ছিল,সেটি আর ফিরল না। ফিরল শুধু ২২ বছরের এক তরুণের নিথর দেহ। ইউনুসের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

মন্তব্য করুন