প্রকাশিত: ৪০ মিনিট আগে, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
দেশে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এসব গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণসহ পরিবেশ সংরক্ষণে সরকারের গৃহীত নানা উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পর্যালোচনায় পরিবেশ দূষণ কমাতে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ‘ব্লক ইট’-এর ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
গুরুত্বপূর্ণ এ সভায় মন্ত্রিপরিষদের একাধিক সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) ড. সাইমুম পারভেজসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন