তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২৩ মিনিট আগে, ০৭:০৯ পিএম

অনলাইন সংস্করণ

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬৩

দেশে হাম পরিস্থিতির মারাত্মক অবনতির মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৩৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত পরিস্থিতিবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) প্রাণ হারানো চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং বাকি একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাব বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন শিশু মারা গেছে। ফলে সব মিলিয়ে চলতি বছরের এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৪৭ জন। এ সময়কালের মধ্যে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হামের টিকা প্রদান নিশ্চিত করা এবং সামান্য জ্বর, র্যাশ বা উপসর্গ দেখা দিলেই দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

মন্তব্য করুন