প্রকাশিত: ১২ মিনিট আগে, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সাথে পে-স্কেল কার্যকরের ফলে বাজারে যাতে নতুন করে মূল্যস্ফীতি না ঘটে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সরকারের সার্বিক নীতি ও সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে এসব তথ্য তুলে ধরেন তথ্য উপদেষ্টা।
ডা. জাহেদ উর রহমান জানান, প্রস্তাবিত এই কাঠামোতে সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে বিশেষ ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বাজারে মূল্যস্ফীতির ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক উপযুক্ত রেগুলেটরি পদক্ষেপ নেবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পুরোদমে সচল থাকবে।
বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সাময়িক লোডশেডিং পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। গ্রাম ও শহরে সমতার ভিত্তিতে বিদ্যুৎ সংকট ভাগ করে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ খাতের একাধিক উন্নয়ন প্রকল্প চলমান থাকায় আগামী দুই বছরের মধ্যে এ খাতে স্থায়ী সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। কৃষিখাতে সারের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে বিতরণ ব্যবস্থার ত্রুটি দ্রুত সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রিত বলে উল্লেখ করেন তিনি। ব্রিফিংয়ে সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচীকে ঘিরে চলমান আলোচনা নিয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালের পক্ষ থেকে কোনো ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে গণমাধ্যমের অনুমানভিত্তিক সংবাদ বা সেনসেশন তৈরি করা থেকে বিরত থাকা উচিত।
এছাড়া প্রতিরক্ষা ও সামরিক কেনাকাটা প্রসঙ্গে ডা. জাহেদ স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার প্রক্রিয়া চূড়ান্ত হলে তা গোপন না রেখে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। অন্যদিকে বিমানবাহিনীর জন্য আধুনিক 'মাল্টিরোল ফাইটার' কেনার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনের প্রস্তাবের মধ্যে চীনের প্রস্তাবটি অর্থনৈতিকভাবে সাশ্রয়ী বলে মনে হলেও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
মন্তব্য করুন