আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১২ এ এম

অনলাইন সংস্করণ

বিস্তারিত বলব না, সময় হলেই শত্রুরা টের পাবে: ইরান

প্রতিপক্ষ ও শত্রুপক্ষের জন্য ভবিষ্যতে বেশ কিছু বড় ‘চমক’ অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবন আল-রেজা।

শুক্রবার (২৮ আগস্ট) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দেন।

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রযুক্তির অগ্রগতির কথা তুলে ধরে মাজিদ এবন আল-রেজা বলেন, "তাজা উদ্ভাবন ও চমকগুলো নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা হবে না। তবে ইরানের নিজস্ব জ্ঞান, তরুণ প্রজন্মের মেধা এবং প্রতিরক্ষা শিল্পে চলমান সর্বাধুনিক কার্যক্রমের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে আরও বড় সাফল্য আসবে।"

প্রতিপক্ষকে সতর্ক করে তিনি আরও যোগ করেন, "বিশেষ করে শত্রুদের জেনে রাখা উচিত, উপযুক্ত সময়েই তারা ইরানের এই চমকগুলো সম্পর্কে টের পাবে।"

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর গত ছয় মাসে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে ইরানের হামলায় শত শত কোটি (বিলিয়ন) ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

অন্যদিকে, ইরানের ক্রমাগত হামলার মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক প্রযুক্তি বা 'ইন্টারসেপ্টর'-এর মজুত দ্রুত ফুরিয়ে আসছে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। এসব ইন্টারসেপ্টর তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। যদিও হোয়াইট হাউস ও পেন্টাগন থেকে তাদের অস্ত্র ঘাটতির এই তথ্য আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হয়েছে।

মন্তব্য করুন