আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ মিনিট আগে, ১০:২২ এ এম

অনলাইন সংস্করণ

নেপালে ৪ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা!

নেপালে স্মরণকালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে অলৌকিকভাবে জীবন রক্ষা পেল ৯৭ বছর বয়সি এক বৃদ্ধার। প্রকৃতির তাণ্ডবে একটি বৃদ্ধনিবাস ধসে ধ্বংসস্তূপে পরিণত হলেও তার নিচে দীর্ঘ প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর গুনা মায়া বোহারা নামের ওই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কাঠমান্ডুর কাছে বন্যায় ধসে পড়া একটি বৃদ্ধনিবাসের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন গুনা মায়া বোহারা। উদ্ধারকারীরা টানা চার ঘণ্টার কঠিন অভিযান চালিয়ে খননযন্ত্রের সাহায্যে তাকে নিরাপদে বের করে আনেন। বিবিসির প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, কর্দমাক্ত পানি, পাথর ও ধসে পড়া কংক্রিটের মধ্য থেকে এই বয়োবৃদ্ধাকে বের করে আনার অবিশ্বাস্য দৃশ্য। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

উদ্ধারকাজে যোগ দিতে ছুটে যাওয়া প্রপৌত্র দীপক বোহারা আবেগাপ্লুত হয়ে বিবিসি নেপালিকে বলেন, ধ্বংসস্তূপ থেকে বের করার পর তার প্রপিতামহীকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক যুদ্ধে জয়ী হয়ে ফেরা বীর ‘যোদ্ধা’।

গত বুধবার (২৬ আগস্ট) নেপাল ও তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে হঠাৎ করে বিপুল পরিমাণ পানি, পাথর ও কাদার স্রোত নেমে আসে। বিজ্ঞানী ও স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কোনো হিমবাহ ধসে অথবা বরফের বিরাট স্তর ভেঙে পড়ার কারণেই এই ভয়াবহ আকস্মিক জলচ্ছ্বাস ও বন্যার সৃষ্টি হয়েছে। এই দুর্যোগে ইতোমধ্যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং সীমান্তে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

দুর্গম পথ, অব্যাহত ভূমিধস এবং নতুন করে বন্যার ঝুঁকির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন কঠিন ও হতাশাজনক পরিস্থিতির মাঝে ৯৭ বছর বয়সি গুনা মায়া বোহারাকে জীবিত উদ্ধারের ঘটনা স্থানীয়দের মাঝে আশার আলো জুগিয়েছে।

মন্তব্য করুন