আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১৬ এ এম

অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থীদের সি-পি-টি-তে রাশ টানল মার্কিন প্রশাসন: স্থগিত হচ্ছে আবেদন

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের 'কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং' (সিপিটি) বা ইন্টার্নশিপ অনুমোদনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি কড়া বার্তা বা মেমো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে মার্কিন প্রশাসন। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা সার্টিফিকেশন বাতিল হতে পারে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ আগস্ট জারি করা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অধীনস্থ ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ (এসইভিপি)-এর মেমোতে বলা হয়, সম্প্রতি সিপিটি অনুমোদনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অথচ মূল বিধান অনুযায়ী, শুধুমাত্র একাডেমিক পাঠ্যক্রমের অপরিহার্য অংশ হিসেবেই এই ইন্টার্নশিপ দেওয়ার নিয়ম রয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নিয়মে কোনো পরিবর্তন আনা না হলেও ট্রাম্প প্রশাসনের অধীনে এ সংক্রান্ত ব্যবস্থার অপব্যবহার আর সহ্য করা হবে না। এসইভিপির প্রবিধান পালনে ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের বিদেশি শিক্ষার্থী ভর্তির সার্টিফিকেশন হারাতে পারে।

এই কড়া নির্দেশনার পর যুক্তরাষ্ট্রের একাধিক শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাজের অনুমোদনের আবেদন স্থগিত করেছে।

বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ)-র এক মুখপাত্র জানান, সাম্প্রতিক সরকারি নির্দেশনা পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ না করা পর্যন্ত তারা নির্দিষ্ট কিছু সিপিটি অনুমোদন স্থগিত রেখেছেন।

অন্যদিকে, বার্কলে-র আন্তর্জাতিক দপ্তর শিক্ষার্থীদের আগাম সতর্ক করে জানিয়েছে, অদূর ভবিষ্যতে সাধারণ কিছু কাজের অনুমোদন সীমিত করা হবে। তবে ডিগ্রির জন্য ‘অবশ্যপালনীয়’ সিপিটি এবং স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণাসংক্রান্ত ইন্টার্নশিপ প্রক্রিয়া আগের মতোই চালু থাকবে।

মন্তব্য করুন