তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১৪ এ এম

অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রামসহ ১১ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির সতর্কবার্তা

ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

প্রতিকূল এই আবহাওয়া পরিস্থিতির কারণে উল্লিখিত এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনশ্চ ১ নম্বর) সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন