তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১৯ এ এম

অনলাইন সংস্করণ

তীব্র যানজটে মহাসড়কেই কাটল রাত, চরম দুর্ভোগে নারী ও শিশুরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও যানবাহন চালক।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের সংস্কারকাজের কারণেই মহাসড়কের ঢাকামুখী লেনে এই স্থবিরতা তৈরি হয়েছে।

সড়ক বিভাগ সূত্র জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করা হয়। সংস্কার চলায় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়। এতে যানবাহনের চরম চাপ তৈরি হয়ে ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে অতিরিক্ত যানবাহনের চাপে শনিবার পরিস্থিতি আরও জটিল রূপ নিয়ে যানজট কুমিল্লার চান্দিনা পর্যন্ত বিস্তৃত হয়।

দীর্ঘ সময় জটে আটকে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রীসহ জরুরি কাজের উদ্দেশ্যে বের হওয়া সাধারণ মানুষ। স্টার লাইন বাসের চালক ইয়াহিয়া জানান, শুক্রবার মধ্যরাত থেকে তিনি ও তাঁর যাত্রীরা একই স্থানে আটকে আছেন। সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, "কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটে ৮ ঘণ্টা ধরে আটকে আছি।"

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় এবং কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম যানজটের বিষয়টি নিশ্চিত করে জানান, আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় জরুরি সংস্কারকাজের কারণে এক লেন বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, যানজট নিরসন ও মহাসড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন