প্রকাশিত: ২৫ মিনিট আগে, ০৯:৫৯ এ এম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক বাজারে টানা কয়েক দিন ধরে অপরিশোধিত তেলের মূল্যে ধারাবাহিক পতন লক্ষ্য করা গেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাস এবং কাতার ও ইরানের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বৈঠককে কেন্দ্র করে বিনিয়োগকারীদের আশাবাদ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের এই মূল্যহ্রাস ঘটেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৮৭.২৪ ডলারে নেমে এসেছে। একই দিনে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৬ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৮১.৬৭ ডলারে অবস্থান করছে।
বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও কাতারের মধ্যে আসন্ন আলোচনার খবরে আন্তর্জাতিক তেল সরবরাহে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এই কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে বন্ধ বা বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কায় সরবরাহ সংকট তৈরি করেছিল।
বিশ্বে মোট পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই নৌপথ স্বাভাবিক হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা বাজারে মূল্য স্থীতিশীল রাখতে ভূমিকা রাখবে।
মন্তব্য করুন