প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ভিডিও প্রচারের ঘটনায় জোর তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে (আইআরআইবি) ওই ভিডিওটি প্রচারিত হওয়ার পর মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানান, তারা ভিডিওটি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং সুরক্ষাধীন ব্যক্তিদের প্রতি যেকোনো ধরনের সম্ভাব্য হুমকি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে থাকে।
প্রায় তিন মিনিটের ওই বিতর্কিত ভিডিওটির শুরুতে ইংরেজিতে লেখা ছিল, “ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে?” এরপর ভিডিওতে নিউইয়র্কের বিখ্যাত ট্রাম্প টাওয়ারসহ ব্যারন ট্রাম্প নিয়মিত যাতায়াত করেন—এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানের গ্রাফিক চিত্র প্রদর্শন করা হয়। ভিডিওচিত্রের শেষভাগে তাকে হত্যার জন্য এক কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হুমকিমূলক ভিডিওরই একটি অংশ এটি। এর আগে ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হলেও, ব্যারন ট্রাম্পকে প্রকাশ্যে এভাবে সরাসরি নিশানা করার ঘটনা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের ওপর ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরানে ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কারের ঘোষণা দিয়ে তৈরি করা বিভিন্ন পোস্টারও দেখা গেছে।
মন্তব্য করুন