তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ০৭:২২ পিএম

অনলাইন সংস্করণ

বিনা খরচে ভাষা শিক্ষা ও উচ্চবেতনে জাপানে কাজের বিশাল সুযোগ

দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং জাপানের প্রতিষ্ঠান ‘টাউন লাইফ জাপান লিমিটেড’-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি শুরু হয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে এই বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জাপানের সাথে বহুমুখী উদ্যোগ গ্রহণ করছি। সে ক্ষেত্রে জাপানি ভাষাশিক্ষা ইতিবাচক এবং সরকার জাপানিজ শিক্ষকদের বাংলাদেশে এসে ভাষা প্রশিক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং নিয়মতান্ত্রিক জটিলতা নিরসনের মাধ্যমে তাদের কিভাবে ভিসা প্রক্রিয়ার আবেদন এবং আবাসন ব্যবস্থা সহজীকরণ করা যায় সে বিষয়ে কাজ করছে।” তিনি আরও জানান, সরকার বিশ্বজুড়ে নতুন শ্রমবাজার উন্মুক্ত করতে নিরলস কাজ করছে এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ের ডিপ্লোমাধারীদের সম্পূর্ণ বিনা খরচে কর্মসংস্থান ভিসায় জাপানে পাঠানো হবে। প্রার্থীদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে পৌঁছানো পর্যন্ত সব ব্যয় টাউন লাইফ জাপান লিমিটেড বহন করবে; পাশাপাশি ঢাকা পলিটেকনিকের ল্যাব উন্নয়নেও প্রতিষ্ঠানটি সহায়তা দেবে।

নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীরা আকর্ষণীয় মূল বেতনের পাশাপাশি ওভারটাইম ও বোনাস সুবিধা পাবেন। প্রথম ব্যাচের ভাষা প্রশিক্ষণ শেষ পর্যায়ে এবং তাদের নিয়োগ নিশ্চিত হয়েছে—তারা ২০২৬ সালের অক্টোবরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। অন্যদিকে দ্বিতীয় ব্যাচের নির্বাচিত প্রার্থীরা ২০২৭ সালের জানুয়ারির মধ্যে জাপানে প্রবেশ করবেন বলে সভায় নিশ্চিত করা হয়।

উচ্চপর্যায়ের এই পর্যালোচনা সভায় টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি, শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেই এবং মন্ত্রণালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন