বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৯:২৩ এ এম

অনলাইন সংস্করণ

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যপতন

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে লেনদেন শুরুর পরপরই অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ও মার্কিন মানদণ্ড—উভয় ক্ষেত্রেই ১ শতাংশেরও বেশি দরপতন পরিলক্ষিত হয়।

আন্তর্জাতিক বাজারসূচক অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের মূল্য ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বাজারসূচক ওয়েস্ট টেক্সাস মিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্যও ১ শতাংশের অধিক হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৪ ডলারে অবস্থান নেয়।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাবের জল্পনা-কল্পনার মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন কঠোর ব্যবস্থার ইঙ্গিত এসেছে। এই নতুন পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান গ্রহণের ফলেই বিশ্ববাজারে এই তাৎক্ষণিক প্রভাব পড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ আসছে।

প্রাপ্ত তথ্যমতে, সোমবার বিকেলেই এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত নতুন বিধিনিষেধ ও আর্থিক অবরোধের বিশদ রূপরেখা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

বাজার বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের ঘোষিত সম্ভাব্য নিধিনিষেধের সুনির্দিষ্ট ব্যাপ্তি এবং বৈশ্বিক তেলের সরবরাহে এর সম্ভাব্য প্রতিক্রিয়া স্পষ্ট না হওয়া পর্যন্ত জ্বালানি বাজার অস্থিতিশীল থাকতে পারে। বিনিয়োগকারীদের ধারণা, নতুন বিধিনিষেধের বিস্তারিত জানার পরেই তেলের বাজারের পরবর্তী গতিপথ সুনির্দিষ্ট হবে।

মন্তব্য করুন