আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৯:১২ এ এম

অনলাইন সংস্করণ

ভারতে হাসপাতালের ভেন্টিলেটর বিস্ফোরণে অগ্নিকাণ্ড, প্রাণ গেল তিন নবজাতকের

ভারতের মহারাষ্ট্র রাজ্যের আমরাবতীর একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার সময় আমরাবতী জেলা নারী হাসপাতালের নবজাতক ইউনিটে ৩৯ জন শিশু ভর্তি ছিল। আগুন ও ধোঁয়ার কারণে তিন নবজাতক দগ্ধ হয়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।

অগ্নিকাণ্ডের পরপরই চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। জরুরি ভিত্তিতে নবজাতকদের অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং চিকিৎসা সরঞ্জাম বিচ্ছিন্ন করা হয়।

গুরুতর অবস্থায় থাকা ছয় নবজাতককে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনার পর হাসপাতালজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন