তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:১৩ পিএম

অনলাইন সংস্করণ

৩ মে থেকে বোরো ধান ও গম সংগ্রহ শুরু করছে সরকার: লক্ষ্যমাত্রা ১৮ লাখ টন

ছবি: সংগৃহীত

আগামী ৩ মে থেকে চলতি বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহের বড় কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এ বছর অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ এই সিদ্ধান্তের কথা জানান।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর প্রতি কেজি বোরো ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হবে। সালাহউদ্দিন আহমদ জানান, ৩ মে থেকে ধান ও গম সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। তবে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১৫ মে থেকে, যা একইভাবে ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত না হলে বা প্রয়োজন দেখা দিলে পরবর্তীতে সভার মাধ্যমে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

খাদ্য পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে সভাপতি জানান, দেশে বর্তমানে চালের বার্ষিক চাহিদা ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন। বর্তমান উৎপাদন এই চাহিদার খুব কাছাকাছি থাকায় দেশে কোনো খাদ্য ঘাটতির আশঙ্কা নেই। চলতি মৌসুমের আবহাওয়া অনুকূলে রয়েছে এবং এখন পর্যন্ত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নেই। ফলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও নিশ্চিত করেন যে, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় খাদ্য নিরাপত্তা মজুত বজায় রাখার বিষয়ে সরকার অত্যন্ত সজাগ রয়েছে এবং সেই লক্ষ্যেই এই বিশাল পরিমাণ খাদ্যশস্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন