তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:২৫ পিএম

অনলাইন সংস্করণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পিডিএস হালনাগাদের নির্দেশ

ছবি: সংগৃহীত

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য সংবলিত ডাটাবেজ বা পার্সোনাল ডাটা শিট (পিডিএস) দ্রুত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২১ এপ্রিল) মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন এইচআরএম (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) মডিউলের পিডিএস সিস্টেমে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়েছে। কারিগরি ও সফটওয়্যার সিস্টেম গ্রহণ সংক্রান্ত কমিটির সুপারিশ অনুযায়ী, পিডিএস-এর নতুন ভার্সনে আধুনিক ফিচার সংযোজন করা হয়েছে। এই নতুন সংস্করণটি গত ১৫ এপ্রিল পরীক্ষামূলক পর্যায় (টেস্ট সার্ভার) শেষ করে মূল কার্যক্রমে (লাইভ সার্ভার) যুক্ত করা হয়েছে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নির্ধারিত লিঙ্কে (https://apps.emis.gov.bd) প্রবেশ করে এইচআরএম মডিউলের অধীনে তাদের পিডিএস প্রোফাইলে সাম্প্রতিক ছবি যুক্ত করতে হবে। একই সঙ্গে প্রোফাইলে থাকা অন্যান্য তথ্যাদি বর্তমান অবস্থা অনুযায়ী নির্ভুলভাবে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হয়েছে। কর্মকর্তাদের পেশাগত তথ্যের সঠিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেই সফটওয়্যারে এই নতুন ফিচারগুলো যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন