আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১১:১৪ এ এম

অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে ইরানের বিশেষ আশ্বাস

তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের পার্শ্ববৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার রাতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াতের বিষয়ে পুনরায় অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জাহাজগুলোকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া বিশেষ ছয়টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই অঞ্চলে বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে উভয় দেশের প্রতিনিধিরা নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চলমান সংকট নিরসনে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো আন্তর্জাতিক মতভেদ কেবল সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সমাধান করা সম্ভব। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক ও নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলার জয়যাত্রা’ এবং অপর একটি অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ যাতায়াতের বিষয়ে সহযোগিতা চেয়েছিলেন। সেই সময় রাষ্ট্রদূত দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

বৈঠকে ইরানের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষ করে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বাংলাদেশের ১৩তম সংসদ অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ এবং শোক বইয়ে স্বাক্ষর করার বিষয়টিকে অত্যন্ত সম্মানের সাথে উল্লেখ করেন সাঈদ খাতিবজাদেহ। এ ছাড়া ইরানে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। দুই দেশের এই কূটনৈতিক তৎপরতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন