বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১১:২২ এ এম

অনলাইন সংস্করণ

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন না চমক: হার উদযাপন করতে চান অভিনেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় এলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পাননি ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে এতে ভেঙে না পড়ে বরং নিজের এই 'পরাজয়' উদযাপন করার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২০ এপ্রিল) বিকেলে এক ফেসবুক লাইভে এসে চমক জানান, মনোনয়ন না পাওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, “আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমি আরও দুইশবার ফেল করব, দুইশবার ট্রাই করব। যারা মনে করছেন ট্রল করে আমাকে চুপ করিয়ে দেবেন, সেটা ভুল ধারণা। এটা তো কেবল আমার শুরু।”

দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকা যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “যারা যোগ্য প্রার্থী তাদেরই আগে সুযোগ দেওয়া হবে, এটাতে আমার কোনো আক্ষেপ নেই। আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরুই হলো এমপি প্রার্থিতা দিয়ে, আমি কোথায় গিয়ে শেষ করব সেটা এখন বোঝা উচিত। বিএনপিতে তো মাত্র শুরু করলাম, খেলা তো সামনে হবে। আগামীতে জাতীয় নির্বাচন করার পরিকল্পনা আছে আমার।”

উল্লেখ্য, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি নিজেদের ভাগে পাওয়া ৩৬টি আসনের জন্য চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় সেলিমা রহমান, শিরিন সুলতানা, নিপুণ রায় চৌধুরী এবং সানসিলা জেবরিনের মতো পরিচিত মুখগুলো জায়গা পেলেও ঠাঁই হয়নি চমকের। চমকের কাঙ্ক্ষিত আসনে মনোনীত হয়েছেন ফরিদা ইয়াসমিন। তালিকায় আরও রয়েছেন রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু এবং জেবা আমিন খানের মতো নেত্রীবৃন্দ।

অভিনেত্রী চমক স্পষ্ট করেছেন যে, সংসদ সদস্য হতে না পারলেও দেশের হয়ে কাজ চালিয়ে যাবেন এবং দলের সব প্রার্থীর বিজয়ে একাত্ম হয়ে মাঠে থাকবেন।

মন্তব্য করুন