প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ
উত্তপ্ত হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে এক অভিনব ডিজিটাল প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ম্যারিস্কস’ (Marisks) এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, একদল প্রতারক নিজেদের ইরানি কর্তৃপক্ষ পরিচয় দিয়ে জাহাজগুলোকে নিরাপদে পথ করে দেওয়ার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ দাবি করছে।
ম্যারিস্কস স্পষ্ট করে জানিয়েছে, “এই বার্তাগুলো সম্পূর্ণ প্রতারণা এবং এগুলোর সঙ্গে ইরানি কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই।” প্রতিষ্ঠানটির দাবি, গত শনিবার প্রণালি দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হওয়া অন্তত একটি জাহাজ এই প্রতারক চক্রের খপ্পরে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। মূলত নাবিক ও জাহাজ মালিকদের বর্তমান অসহায়ত্বকে পুঁজি করে বড় অংকের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এই সাইবার অপরাধীরা।
এদিকে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধের পাল্টা জবাব হিসেবে ইরান হরমুজ প্রণালিতে নতুন করে কঠোর অবরোধ জারি করেছে। এর ফলে বর্তমান বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথে অন্তত ২০ হাজার নাবিক এবং শত শত মালবাহী জাহাজ আটকা পড়ে আছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবরোধে একদিকে যেমন জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, অন্যদিকে আটকা পড়া নাবিকদের নিরাপত্তা ও খাদ্য সংকটের বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক নৌ-সংস্থাগুলো। এর মাঝেই ক্রিপ্টোকারেন্সিতে মুক্তিপণ বা নিরাপত্তা ফি দাবির মতো ঘটনা সমুদ্রপথে চলাচলে নতুন এক নিরাপত্তা ঝুঁকি তৈরি করল। ম্যারিস্কস সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের কোনো অজ্ঞাত বার্তার ভিত্তিতে লেনদেন না করার পরামর্শ দিয়েছে।
মন্তব্য করুন