নাজমুল হুদা

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি আজ বিভ্রান্ত: দিলারা চৌধুরী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, আইনের অপব্যাখ্যা ও ‘অর্ধেক সত্য’ বলে মন্ত্রী মানুষকে ধোঁকা দিচ্ছেন। তাঁর মতে, সংবিধানের অক্ষরের চেয়েও এর মূল চেতনা বা ‘স্পিরিট’ তথা জনগণের ইচ্ছা অনেক বেশি শক্তিশালী, যা বর্তমান সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইডিবি) ‘১১ দলীয় ঐক্য’ আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কখনো সাংবিধানিক সার্বভৌমত্বের দোহাই দিচ্ছেন, আবার কখনো বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই। তিনি ইচ্ছাকৃতভাবে সংবিধানের মূল চেতনাকে আড়াল করছেন। দিলারা চৌধুরীর ভাষায়, "আইন দিয়ে সবকিছু হয় না, সংবিধান মানুষের জন্য। বিশ্বের বহু দেশে লিখিত সংবিধানের ঊর্ধ্বে জনগণের ইচ্ছাকে স্থান দেওয়া হয়। মন্ত্রী অর্ধেক সত্য বলে পুরো মিথ্যা ছড়ানোর চেয়েও ভয়ংকর কাজ করছেন।"

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রত্যাশা ছিল দেশে সুস্থ রাজনীতি ও বৈষম্যহীন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু বর্তমান সরকার সেই পথ থেকে বিচ্যুত হচ্ছে। জুলাই সনদ ও গণভোটের দাবি অস্বীকার করা মানে ছাত্র-জনতার হাজারো আত্মত্যাগকে বৃথা করে দেওয়া, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, অর্থের অজুহাত দেখিয়ে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনে সরকারের অনীহা আসলে বিচার বিভাগকে কুক্ষিগত করে রাখার একটি কৌশল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিচার বিভাগে হাত দেওয়া মানেই হলো স্বৈরতন্ত্রের পথে অগ্রসর হওয়া।" বর্তমান পরিস্থিতিতে তিনি আবারও পুরনো আমলের অলিগার্কদের পদধ্বনি শুনতে পাচ্ছেন বলে মন্তব্য করেন।

সেমিনারে তিনি প্রশ্ন তোলেন, দলীয় নেতাকে পাশ কাটিয়ে কেন অন্যরা নীতিগত বিষয়ে কথা বলছেন? বর্তমান সংসদকে একপাক্ষিক ও বিরোধী দলের কণ্ঠ রোধ করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বক্তারা সবাই বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণভোট ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওপর জোর দেন।

মন্তব্য করুন