প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:২১ এ এম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই সংকটের কোনো সামরিক সমাধান সম্ভব নয় এবং স্থায়ী শান্তি ফেরাতে আলোচনার কোনো বিকল্প নেই।
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্বজুড়ে আন্তর্জাতিক আইন মেনে চলার প্রবণতা আশঙ্কাজনকভাবে কমছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতে যুদ্ধের আন্তর্জাতিক নিয়মকানুনগুলোকে রীতিমতো 'পদদলিত' করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। মহাসচিবের মতে, বলপ্রয়োগের পথ পরিহার করে টেবিলের আলোচনায় সমাধান খোঁজার ওপরই এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
গুতেরেস জোর দিয়ে বলেন, সংকট কাটাতে অনতিবিলম্বে এবং গুরুত্বসহকারে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে হবে। যেকোনো মূল্যে বর্তমান নাজুক যুদ্ধবিরতি বজায় রাখার জোর আহ্বান জানান তিনি। মহাসচিব আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু হওয়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হতে পারে।
এছাড়া বর্তমান পরিস্থিতি শান্ত করতে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যোগাযোগকে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করেছেন আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক আইন এবং যুদ্ধের নীতিমালা উপেক্ষা করার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এই মানবিক বিপর্যয় রুখতে সব পক্ষকে সংযম প্রদর্শনের এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান জাতিসংঘ প্রধান।
মন্তব্য করুন