প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ
সরকার সারা দেশে পাঁচ লাখ নতুন সরকারি কর্মচারী নিয়োগের বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, এই বৃহৎ নিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২,৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা জমি উন্মুক্ত খেলার মাঠের জন্য নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর ও গ্রামে খেলার মাঠের অবকাঠামো উন্নয়নে একটি কেন্দ্রীয় কমিটি কাজ করছে। এছাড়া জাতীয় ক্রীড়াবিদদের জন্য বিশেষ ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জনকে এই ভাতার আওতায় আনার লক্ষ্য থাকলেও প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতা প্রদান করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে হাই-টেক বা সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফ্রিল্যান্সার ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পেপাল (PayPal) বাংলাদেশে চালুর বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রাপ্তির আগেই 'সার্টিফিকেট অব ইলিজিবেলিটি' (COE)-এর ভিত্তিতে এই ঋণ প্রাপ্তি সহজ করা হয়েছে।
নির্বাচনি ইশতেহারকে প্রাধান্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত উন্নয়ন এবং তরুণ প্রজন্মের সুযোগ বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
মন্তব্য করুন